রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় প্যাকেজ ডব্লিউডি-১ এর পূর্তকাজে এই অর্থ ব্যয় হবে। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই কাজের বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
প্রকল্পের আওতায় ১২০০ শয্যাবিশিষ্ট ১১ তলা ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে একটি ভূগর্ভস্থ তলা বা আন্ডারগ্রাউন্ড থাকবে। এর মধ্যে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণের পাশাপাশি সিভিল, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন এবং অভ্যন্তরীণ বিদ্যুতায়নের কাজ করা হবে। এ ছাড়া ভবনের অভ্যন্তরীণ স্থায়ী সুবিধাদিও নির্মাণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পূর্তকাজের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে কাজটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
