আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের মধ্য থেকেই কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী কিংবা সশস্ত্র বাহিনীর সদস্য হবে। কেউ সরকারি দায়িত্ব পালন করবে, আবার কেউ দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই এখন থেকেই বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এদিন বঙ্গভবন পরিদর্শন করেন। কর্মসূচির তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তারা বঙ্গভবন ঘুরে দেখেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কাছে বঙ্গভবন পরিদর্শনের অভিজ্ঞতা জানতে চান। শিক্ষার্থীরা জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত মূল্যবান সামগ্রী, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখে তারা আনন্দিত হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করে তারা।
মতবিনিময়কালে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় কাটায়। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং দেশপ্রেমের চর্চার আহ্বান জানান।
দেশের প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশটাই আসল, এটাই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়। দেশকে ভালোবেসে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
