শিরোনাম:
Network News BD
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অতিরিক্ত জনসংখ্যার চাপে বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী

নেটওয়ার্ক নিউজ বিডি

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৮:৪৬ PM ২৬ বার পঠিত
অতিরিক্ত জনসংখ্যার চাপে বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

মোছা. সুমাইয়া আফরিন:

জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০টি মেগাসিটির মাঝে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। সাধারণত কোনো শহরের জনসংখ্যা ১০ মিলিয়নের অধিক হলে তাকে মেগাসিটি বলা হয়। কিন্তু বিভিন্ন সংস্থার পরিসংখ্যান মতে, ঢাকা শহরে বর্তমানে প্রায় ২০ মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জীবিকার তাগিদে এই শহরে ছুটে আসে। এর মধ্যে শুধু স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যেই প্রতিদিন গড়ে প্রায় ১০০০-১৫০০ মানুষ ঢাকায় পা রাখে। উন্নত জীবনযাপনের আশায় মানুষের এই ছুটে চলার কারণে জাদুর শহর ঢাকা আজ অতিরিক্ত জনসংখ্যার চাপে পিষ্ট ও বিষাক্ত হয়ে পড়েছে। বায়ুদূষণ, শব্দদূষণ, অতিরিক্ত উষ্ণতা ও শুষ্কতা এবং তীব্র তাপদাহ যেন এই শহরের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যেখানে-সেখানে আবর্জনার স্তূপ, রাস্তার মাঝে হকার বসে যানজট সৃষ্টি হওয়া, শিশুদের দিয়ে শ্রমে বাধ্য করা ও ভিক্ষাবৃত্তি করানো, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে শিক্ষিত বেকারদের হাহাকার, গণপরিবহনে নারীদের হেনস্তার শিকার হওয়া, পথশিশু ও রেলস্টেশনে থাকা অনাথ শিশুদের মাদকাসক্তি এবং চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা এখন ঢাকার নিত্যদিনের চিত্র।

ঢাকা এমন একটি শহর, যা একজন মানুষকে তার সফলতার চূড়ায় নিয়ে যায়, আবার কাউকে এমনভাবে নিচে পতিত করে যে সে তার বেঁচে থাকার শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলে। একজন শিক্ষার্থী উচ্চমানের শিক্ষার আশায়, একজন রোগী উন্নত চিকিৎসার জন্য এবং একজন কর্মজীবী ব্যক্তি ভালো চাকরি ও সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঢাকায় আসেন। সবকিছু ঢাকাকেন্দ্রিক হওয়ায় এবং দেশের অধিকাংশ কর্মকাণ্ড এই শহরকে ঘিরে আবর্তিত হওয়ায় ঢাকার ওপর অতিরিক্ত জনসংখ্যার নেতিবাচক প্রভাব পড়ছে। জনগণের এরূপ মাত্রাতিরিক্ত স্থানান্তরের ফলে শহরের ওপর বিরূপ চাপ সৃষ্টি হচ্ছে, যা সামগ্রিক দূষণ বৃদ্ধি করছে। বায়ুদূষণ ঢাকার মানুষের প্রাত্যহিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এর পাশাপাশি শব্দদূষণ বর্তমানে ঢাকা শহরের একটি ভয়ংকর নীরব সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, টানা ৯০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দের মধ্যে থাকলে মানুষ স্থায়ীভাবে বধির হয়ে যেতে পারে। অথচ ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ৮০-১১৯ ডেসিবেল মাত্রার শব্দ উৎপন্ন হচ্ছে। এর ফলে নগরবাসী হৃদ্‌রোগ, অনিদ্রা, অতিরিক্ত মানসিক চাপ এমনকি হার্ট অ্যাটাকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

ঢাকার সুশৃঙ্খল জীবন ফিরিয়ে আনতে এবং বাসযোগ্য ভবিষ্যতের জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিকল্পিত নগরায়ণ, কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলা, নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বৃক্ষরোপণ বৃদ্ধি করা এবং ফুটপাতে বসা হকারদের জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সর্বোপরি ঢাকার ওপর চাপ কমাতে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং পরিকল্পিত পরিবার গঠনে জনগণকে সচেতন করতে হবে। এসবের পাশাপাশি সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত জীবনযাপনে উৎসাহিত করতে হবে। সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই ঢাকাকে পুনরায় একটি সুস্থ, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

শিক্ষার্থী (দর্শন বিভাগ), ইডেন মহিলা কলেজ, ঢাকা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!