বেসিস সংস্কার পরিষদের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন তরুণ উদ্যোক্তা মো. আবু তাহের। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় বেসিসের প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।
সভায় বেসিসসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা শেষে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করেন। এতে রোকমুনুর জামান রনিকে আহ্বায়ক ও নাদিম হৃদয়কে সদস্যসচিব করে ১১ সদস্যের কার্যকরী কমিটি এবং ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সদ্য সাবেক কমিটির আহ্বায়ক মোহাম্মাদ আব্দুল মজিদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংস্কার পরিষদের অন্যতম সদস্য রওশান কামাল জেমস।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন যুগ্ম আহ্বায়ক ফেরদাউস ইপন, যুগ্ম সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং কার্যকরী সদস্য জসীম উদ্দিন নেজামী, কে এইচ সামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন, জোবায়ের রিয়াল ও আলাউদ্দিন।
অন্যদিকে উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন মিজানুর রহমান মিজান, রওশান কামাল জেমস, ফৌজিয়া নেগার সুলতানা, মোহাম্মাদ সামিউল, বেলাল আহমেদ, নাজমুল সাহাদাত ও মোহাম্মাদ আব্দুল মজিদ। সভায় উপস্থিত নেতারা বেসিস সংস্কার পরিষদের কার্যক্রম বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের একাধারে সমসাময়িক বিষয়ের লেখক, ছড়াকার, কবি ও সাহিত্য সমালোচক। তিনি জাতীয় পত্রিকা দেশগ্রামের সাব এডিটর এবং ডিজিটাল কনসালটিং এজেন্সি বিডির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জামালপুর জেলার মহাদান ইউনিয়নের চেয়ারম্যান পদেও একজন প্রার্থী।
