অর্থের বিনিময়ে সদ্য সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের সারের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ডিলারশিপ বাতিলসহ উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই আওয়ামী লীগের কমিটিতে থাকা ব্যক্তিরা এই ডিলারশিপ পেয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে এসব ডিলারশিপ বাতিলের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতের অন্যতম প্রধান উপাদান সারের ডিলারশিপ বিগত সরকারের দোসরদের হাতে থাকলে তারা সারের কৃত্রিম সংকট ও কারসাজি শুরু করতে পারে। এর ফলে কৃষকেরা সার পাওয়া থেকে বঞ্চিত হবেন এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হবে। কৃষকদের জিম্মি করে দেশকে অস্থিতিশীল করার এমন যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই তাঁরা রাজপথ ছাড়বেন না। এ সময় কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন।
