শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা আট দিন বাণিজ্য বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৪:৩৫ PM ১৭ বার পঠিত
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা আট দিন বাণিজ্য বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত পুরোপুরি স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর এবং বাংলাদেশে সরকারি ছুটি থাকায় দুই দেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টানা আট দিন বাণিজ্য বন্ধ থাকায় সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে। বেনাপোল বন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আনা নেওয়া হয়। এই বন্দর থেকে সরকার দৈনিক প্রায় ২০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। সেই হিসাবে টানা আট দিন বাণিজ্য বন্ধ থাকলে সরকার প্রায় ১৬০ কোটি টাকার রাজস্ব কম পাবে।

এদিকে দীর্ঘ সময় পণ্য পরিবহন বন্ধ থাকায় বন্দরে পণ্যজট ও যানজটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাঁরা জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে শিল্পকারখানার কাঁচামাল এবং খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য আসে। ভারত থেকে স্থলপথে আমদানি করা পণ্যের বড় একটি অংশ আসে বেনাপোল দিয়ে। ফলে টানা আট দিন বন্দর বন্ধ থাকলে শিল্পকারখানায় কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের বাজারেও এর প্রভাব পড়তে পারে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকায় দুই দেশের মধ্যে পণ্য পরিবহন টানা আট দিন বন্ধ থাকছে। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে যথারীতি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দুর্গাপূজার সময় ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ইমিগ্রেশন ডেস্কে অতিরিক্ত কর্মকর্তাও নিয়োজিত করা হয়েছে।

বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন আরও জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কাজ স্বাভাবিক থাকবে। এই সময়ে আগে আনা পণ্য খালাস করা যাবে। একই সঙ্গে পণ্য খালাস শেষে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!