বাংলাদেশের তরুণ পাঠকদের কোরিয়ার আধুনিক সাহিত্য ও কবিতার সঙ্গে পরিচিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোরিয়ান লিটারারি ফেস্ট ঢাকা ২০২৬’। আগামী ২২ ডিসেম্বর রাজধানীর উত্তরায় সিমেক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে অংশ নিয়ে বাংলাদেশি পাঠকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবিরা। আয়োজনে সহযোগিতা করছে লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট অব কোরিয়া (এলটিআই কোরিয়া)। আয়োজকেরা জানান, এই উৎসবের মধ্য দিয়ে সমকালীন এশীয় সাহিত্যচর্চার নতুন দ্বার উন্মোচিত হবে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা লেখকদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাঁদের সৃষ্টিকর্মের বাংলা অনুবাদও সংগ্রহের সুযোগ পাবেন।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট কথাসাহিত্যিক সন বো-মি। ২০০৯ সালে সাহিত্যাঙ্গনে আত্মপ্রকাশ করা এই লেখক বর্তমানে কিয়ং হি বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল লেখালেখি পড়ান। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ডাউনপৌর’, ‘আ লাভ অব সায়েন্টিস্ট’, ‘স্ট্রল’, ‘লিন্ডি হপ ফর দেম’, ‘হট এয়ার বেলুন’ এবং ‘সওয়েল’। তাঁর লেখায় আবেগঘন বিষয়গুলো সংযত ও শান্ত ভাষায় ফুটে ওঠে।
এ ছাড়া উপস্থিত থাকবেন কবি ও বহুমাত্রিক শিল্পী জং হিউন-উ। কবিতার পাশাপাশি তিনি গায়ক, গীতিকার ও বেতার গল্পকার হিসেবেও সমাদৃত। তাঁর লেখা বইগুলোর মধ্যে ‘আই লার্নড টু স্পিক ফ্রম অ্যাঞ্জেলস’, ‘ব্ল্যাক মিরাকল’, ‘প্যারিশিং নাইট’ ও ‘উই লাভ উইদাউট প্রমিসেস’ অন্যতম। তাঁর কবিতায় শোক, স্মৃতি, ভালোবাসা ও বেঁচে থাকার অভিজ্ঞতা নিপুণভাবে ফুটে উঠেছে।
উৎসবে আরও অংশ নেবেন কিয়ং হি বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং কে-কালচার অ্যান্ড স্টোরি কনটেন্টস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আন সুং-বুম। তিনি একাধারে চলচ্চিত্র সমালোচক ও কবি হিসেবে পরিচিত। উপস্থিত থাকবেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের আহ্বায়ক ড. সিওন চি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য, সংস্কৃতি ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক এবং গবেষকেরাও উপস্থিত থাকবেন।
আয়োজকেরা জানান, উত্তরা ১৬ নম্বর সেক্টরে সিমেক ফাউন্ডেশনের ইনস্টিটিউট ভবন-২-এ উৎসবটি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য সিমেক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
শুভ্র/
