ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খানের জনকল্যাণমূলক কাজে বাধা দেওয়া ও তাঁকে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুটিজানা ইউনিয়নের সাধারণ মানুষের উদ্যোগে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খান দীর্ঘদিন ধরে সম্পূর্ণ নিজের অর্থায়নে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে অনুদান এবং গরিব অসহায় মানুষদের চিকিৎসাসেবাসহ নানা সামাজিক উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখছেন। সম্প্রতি তিনি একটি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে তাঁর এসব মহৎ কাজে বাধা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
মানববন্ধনে সাদ্দাম খানের বাবা আলহাজ্ব মোহাম্মদ জিন্নাহ খান তাঁর ছেলেকে নিয়ে একটি গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ফোনে বলা হয়, সাদ্দাম যদি পুটিজানায় নির্বাচন করে তবে যেন তিনি ছেলের আশা বাদ দেন।
জনকল্যাণমূলক কাজে এমন নগ্ন হস্তক্ষেপ ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপস্থিত জনতা। রোদ উপেক্ষা করে পুটিজানা ইউনিয়নের নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ এই মানববন্ধনে অংশ নিয়ে এর তীব্র প্রতিবাদ জানান।
