পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের জোগান বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে নার্সারি মালিকদের এখন থেকেই উন্নতমানের চারা উৎপাদনে উদ্যোগী হতে হবে। এর ফলে একদিকে যেমন তাদের ব্যবসার প্রসার ঘটবে, অন্যদিকে দেশও ব্যাপকভাবে উপকৃত হবে।
অধিক মূল্যবান বৃক্ষের চারা উৎপাদন ও রোপণে গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষ গাছ লাগিয়ে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তাই পরিকল্পিতভাবে মানসম্মত গাছের চারা উৎপাদন এবং রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমানে অনেক শহরে পরিবেশ দূষণ ও অক্সিজেন সংকটের কথা শোনা যাচ্ছে। বেশি করে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং মানুষ পর্যাপ্ত অক্সিজেন পাবে। দেশব্যাপী প্রতিবছর পাঁচ কোটি গাছ রোপণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এর আগে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
