দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। বিনদন অঙ্গনের তারকারা বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন সবার প্রতি। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও আছেন এ তালিকায়। দুর্গতদের জন্য দিয়েছেন আর্থিক অনুদান। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার এক ভক্ত।
তৌসিফের ওই ভক্তের নাম মোহাম্মদ ইমন। তার উদ্যোগে পরিচালিত ত্রাণ কার্যক্রমে অনুদান দিয়েছেন অভিনেতা। ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালির দিকে যাব, সেখানে বন্যার্তদের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করব। তৌসিফ মাহবুব ভাইয়া বিষয়টি জানার পর একটা ভালো অঙ্কের টাকা অনুদান দেন এবং ত্রাণসামগ্রী বিতরণের সামগ্রিক ব্যবস্থা করে দেন।’
আরও বলেন, ‘প্রায় এক হাজার মানুষের জন্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
ইমনের কথায়, ‘তৌসিফ মাহবুব শুধু এবারই নয়, অতীতেও বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন।’ তবে বিষয়টি মন্তব্য করতে রাজি হননি তৌসিফ।
