৩৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর পর্দা নেমেছে। রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টে তৃতীয় স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
রোববার (১৭ মে) বিকেল ৫টায় চবির কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। উৎসবমুখর পরিবেশে অতিথিরা বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ফুটবল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় খেলা। খেলাধুলা কেবল শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণদের মাঝে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেম তৈরি করে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন উভয় দলের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করেন। এতো বড় একটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দপ্তর এবং পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ফুটবল দলের ম্যানেজার এবং মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। তিনি ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং যবিপ্রবির কোচ শাহিনুর রহমান।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন চবির সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এস. এম. শফিক। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী উপভোগ করতে চবির বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
