শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

চবি: অগণতান্ত্রিক শাসন রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ৬:২২ PM ৮ বার পঠিত
চবি: অগণতান্ত্রিক শাসন রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশে যাতে আর কেউ অগণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েমের দুঃসাহস দেখাতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘এসো প্রাণের উৎসবে, জাগো নব আনন্দে’ স্লোগানে এবার ক্যাম্পাসে ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জারুলতায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, চবি ক্যাম্পাসের আজকের এই সম্প্রীতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার বড় প্রমাণ। সব জাতি, ধর্ম ও বর্ণের মানুষ যেভাবে উৎসবটিকে ধারণ করেছে, তাতে একটি ‘রংধনু জাতি’ গঠনের স্বপ্ন বাস্তব রূপ পাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফোরকান। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও অবকাঠামোগত সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, ২০১৭ সালের পর থেকে চবিতে নতুন কোনো উন্নয়ন প্রকল্প (ডিপিপি) না আসায় ভবন নির্মাণ থমকে আছে। এছাড়া তিনি শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনের সংকট সমাধানে প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

উপাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী শাটল ট্রেনের সমস্যা সমাধানসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বক্তব্যে প্রতিমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের উপস্থিতিকে তিনি এই মহীয়সী নারীর কর্মজীবনের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

চবির উপ উপাচার্য (প্রশাসন) ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন।

এর আগে সকালে চবি স্মরণ চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জারুলতলায় গিয়ে শেষ হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে আরও ছিল উদ্যোক্তা মেলা, পুতুল নাচ, নাগরদোলা, বলি খেলা, বউচি ও কাবাডি প্রতিযোগিতা। শেষে গ্রামীণ এসব খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!