সোমবার, ২০ জুলাই ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বিশ্বকাপ জয়ের যোগ্য দল ছিল স্পেন : স্কালোনি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজয়ের পর স্পেনই সেরা দল ছিল বলে স্বীকার করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বদলি খেলোয়াড় ফেরান তোরেস অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে ১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।

লিওনেল মেসিকে নিয়ে গড়া দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল।

স্কালোনি বলেন, “স্পেনই ভালো দল ছিল, এটাই সত্য। তবে আমার খেলোয়াড়রা, যা অর্জন করেছে এবং এত দূর পর্যন্ত পৌঁছানোর যে মূল্য, সেই স্মৃতিই আমি সযত্নে লালন করব। এটিকে আমাদের অত্যন্ত মূল্য দিতে হবে, কারণ এখানে পৌঁছাতে অসাধারণ পরিশ্রম করতে হয়।”

সাম্প্রতিক সাফল্য উদযাপনের সময় দলের সবাই যেমন বিনয়ী ছিল, পরাজয়কেও একই মর্যাদার সঙ্গে গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন স্কালোনি।

তিনি বলেন, “জয়ের সময় আমরা উদার ও বিনয়ী থাকি, পরাজয়ের সময়ও আমাদের তেমনই থাকতে হবে। আজ আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়।”

তিনি আরও বলেন, “আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা জীবন থামিয়ে দেব বা এখানে পৌঁছানোর জন্য যা করেছি, তা ভুলে যাব।”

২০২৬ বিশ্বকাপজুড়ে অসাধারণ সমর্থনের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, “দেশের মানুষ, আমার খেলোয়াড় এবং পুরো দেশের উদ্দেশ্যে আমি বলতে চাই- আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। আমরা বাস্তবতা বুঝেই এখানে এসেছিলাম। কিন্তু খেলোয়াড়রা যদি আজকের মতো মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেয়, তাহলে সেটি আমাদের জনগণ ও দেশের জন্য এক দারুণ উদাহরণ হয়ে থাকবে।স আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।”

৪৮ বছর বয়সী এই কোচের মতে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠাটাও একটি বড় অর্জন, যার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

তিনি বলেন, “রানার্সআপ হওয়াকেও আমি অবশ্যই মূল্য দিই, কারণ এখানে পৌঁছাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তা সত্যিই অসাধারণ। আমার বিশ্বাস, এই অর্জন বড় ধরনের স্বীকৃতি পাওয়ার যোগ্য।”

স্কালোনি আরও বলেন, “স্বাভাবিকভাবেই আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার অনুভূতি কৃতজ্ঞতার, এটাই একমাত্র শব্দ। অবশ্যই এর সঙ্গে দুঃখও আছে।”

সবশেষে তিনি বলেন, “কিন্তু যখন আপনি এভাবে নিজের সবকিছু উজাড় করে দেন, ভালো খেলুন বা খারাপ খেলুন, তখন সেই দলের দোষ খুঁজে বের করা সত্যিই খুব কঠিন।”