বুধবার, ১৭ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ দল। আজ অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।

উইকেট বিবেচনায় অসিদের কাছে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার বাংলাদেশের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ।

ইংল্যান্ডের লিডসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়ে বাংলাদেশ। অষ্টম ওভারে ২৭ রানে পঞ্চম উইকেট হারায় তারা।

দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৮ ও দিলারা আক্তার শূন্য হাতে ফিরেন। তিন নম্বরে নামা শারমিন আক্তার ৫, দুই মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ৪ ও স্বর্ণা আক্তার খালি সাজঘরের পথ ধরেন।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে উইকেট পতন ঠেকিয়ে বাংলাদেশের রান ৫০ পার করেন অধিনায়ক নিগার ও রিতু মনি। সাবধানে খেলে ৫২ বলে ৩২ রান যোগ করেন তারা।

দলীয় ৫৯ রানে রিতুর বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ২৬ বল খেলে ১টি চারে ১৬ রান করেন রিতু।

১৯তম ওভারে থামেন নিগারও। ফলে বাংলাদেশের ১শ রান স্পর্শ করার আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৭৭ রানের মামুলি সংগ্রহ পায় টাইগ্রেসরা। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান বাংলাদেশের।

২টি চারে ৪৭ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার। অস্ট্রেলিয়ার তিন বোলার ২টি করে উইকেট নেন।

জবাবে দলীয় ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গে অস্ট্রেলিয়ার। বেথ মুনিকে ১০ রানে আউট করেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার।

দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬৩ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন জর্জিয়া ভোল ও এলিস পেরি। ভোল ৩২ বলে ৪৫ ও পেরি ১৫ বলে ১৯ রান করেন।

মারুফা ২৮ রানে ১ উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন পেরি।

সাউদাম্পটনে আগামী ২০ জুন গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।