শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কানাডাকে হারিয়ে প্রথম জয় আরব আমিরাতের

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

পেসার জুনায়েদ সিদ্দিকীর দুর্দান্ত বোলিংয়ের পর দুই ব্যাটার আরিয়ানশ শর্মা ও শোয়েব খানের জোড়া হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সংযুক্ত আরব আমিরাত।

‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আবর আমিরাত ৫ উইকেটে হারিয়েছে কানাডাকে। বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জুনায়েদ। ব্যাটিংয়ে আরিয়ানশ অপরাজিত ৭৪ ও শোয়েব ৫১ রান করে আরব আমিরাতের জয়ে অবদান রাখেন।

দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করে হার্শ থাকেরের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে কানাডা। পাঁচ নম্বরে নেমে ২টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫০ রান করেন হার্শ।

আরব আমিরাতের দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন জুনায়েদ। ৮৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার।

চলতি বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন জুনায়েদ। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড।

জবাব দিতে নেমে কানাডার বাঁ-হাতি স্পিনার সাদ বিন জাফরের ঘূর্ণিতে ৬৬ রানে ৪ উইকেট হারায় আরব আমিরাত। এসময় ৩ উইকেট নেন জাফর। পঞ্চম উইকেটে ৪৩ বলে ৮৪ রানের জুটি গড়ে আরব আমিরাতের জয়ের পথ সহজ করেন আরিয়ানশ ও শোয়েব।

৪টি করে চার-ছক্কায় শোয়েব ২৯ বলে ৫১ রানে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আরিয়ানশ। ৬ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৫৩ বলে অনবদ্য ৭৪ রান করেন আরিয়ানশ। জাফর ১৪ রানে ৩ উইকেট নেন।

২ ম্যাচে ১ জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। ২ ম্যাচের একটিতেও জিততে পারেনি কানাডা।