সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তিন পেসারের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

তিন পেসার ব্লেসিং মুজারাবানি-রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সের বোলিং নৈপুণ্যে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল জিম্বাবুয়ে ক্রিকেট দল।

আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে ওমানকে। ৩টি করে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন মুজারাবানি-এনগারাভা ও ইভান্স।

শ্রীলংকার কলম্বোতে টস হেরে ব্যাট হাতে নেমে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির তোপের মুখে পড়ে ২৭ রানে ৫ উইকেট হারায় ওমান। এরমধ্যে ৩ উইকেট নেন মুজারাবানি।

ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৪২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন সুফিয়ান মেহমুদ ও ভিনায়েক শুকলা। বড় ইনিংস খেলার আভাস দিয়ে সুফিয়ান ২৫ ও শুকলা ২৮ রান করেন।

দলীয় ৭৬ রানের মধ্যে সুফিয়ান ও শুকলার বিদায়ের পর নাদিম খানের ছোট ইনিংসের কল্যাণে কোনমতে তিন অঙ্কে পা রেখে ১৯.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয় ওমান। সুফিয়ান ২৫, শুকলা ২৮ ও নাদিম ২০ রান করেন।

মুজারাবানি ১৬ রানে, এনগারাভা ১৭ রানে ও ইভান্স ১৮ রানে ৩টি করে উইকেট নেন।

জবাবে ৩০ রানে ২ উইকেট পতনের পর জিম্বাবুয়ের জয়ের ভিত গড়ে দেন ওপেনার ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলর। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। দলের জয় থেকে ৬ রান দূরে থাকতে আহত অবসর নেন টেইলর। ৩০ বলে ৩১ রান করেন তিনি।

টেইলর ফেরার পর ৩৯ বল বাকী থাকতে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন বেনেট ও রাজা। বেনেট ৩৬ বলে ৪৮ এবং রাজা ৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মুজারাবানি।