রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এক পৃথিবী অনুপ্রেরণার নাম ‘প্রিয় শিক্ষক’

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

মুক্তা আক্তার:

​সততা, ধৈর্য, সময়ানুবর্তিতা ও উন্নত চরিত্রের সমন্বয়েই গড়ে ওঠেন একজন আদর্শ শিক্ষক। জীবন চলার পথে অনেক মানুষের সঙ্গেই আমাদের পরিচয় হয়। কেউ আসেন কিছু সময়ের জন্য, কেউ রেখে যান কিছু স্মৃতি, আবার কেউ পুরো জীবনটাকেই বদলে দেন। যিনি ভুল পথ থেকে সঠিক পথে অগ্রসর হতে শেখান, অন্ধকারে আলোর পথ দেখান—তিনিই শিক্ষক।

আমার জীবনে এমনই এক আলোকবর্তিকা হলেন প্রিয় শিক্ষক নবী হোসাইন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় প্রায়ই বান্ধবীদের মুখে নবী স্যারের গুণগান শুনতাম। পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করার সময় তাঁর কাছে পড়ার সুযোগ হয়। তখন কাছ থেকে দেখে উপলব্ধি করি, এত অমায়িক মানুষ পৃথিবীতে খুব কমই আছেন।

​শত ব্যস্ততার মাঝেও দায়িত্ব পালনে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। একজন ছাত্রকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। ছাত্রজীবনের স্মৃতির পাতা উল্টালে সবার আগে মনে পড়ে তাঁর হাসিমাখা মুখ, আন্তরিক ব্যবহার ও অক্লান্ত পরিশ্রমের কথা। ক্লাসে তিনি কঠিন বিষয়গুলো এত সহজ ও সাবলীলভাবে বোঝাতেন যে শেখার প্রতি আমাদের সব ভয় কেটে যেত। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, তিনি আমাদের সময়ের মূল্য, শৃঙ্খলা, সততা, ধৈর্য, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা দিয়েছেন।

​তাঁর ক্লাস মানেই ছিল নতুন কিছু শেখার আগ্রহ। তিনি প্রায়ই বলতেন, ‘জ্ঞানকে শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ রেখো না। চারপাশের পরিবেশ থেকে শিখে জ্ঞানকে সমৃদ্ধ করো।’ কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়লে তাকে অবহেলা না করে উল্টো উৎসাহ দিতেন; হতাশার চরম পর্যায়েও দেখাতেন সফলতার পথ। তিনি শিখিয়েছেন, জীবনে সফল হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাও জরুরি। তিনি বলতেন, জীবনে বড় হওয়া মানে শুধু ভালো চাকরি পাওয়া বা অর্থসম্পদের মালিক হওয়া নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, সত্যকে ধারণ করা এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সাফল্য।

​তাঁর কথাগুলো শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং জীবনের নানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখিয়েছে। কথাগুলো তখন খুব সাধারণ মনে হলেও সময়ের সঙ্গে বুঝতে পেরেছি, এর মধ্যেই লুকিয়ে ছিল জীবনের বড় শিক্ষা। পড়াশোনার বাইরেও তিনি নানাভাবে আমাদের সহযোগিতা করতেন। আজ বুঝতে পারি, একজন ভালো শিক্ষক আসলেই ভবিষ্যৎ নির্মাণের কারিগর। একজন শিক্ষকের অবদান কোনো নির্দিষ্ট সময় বা ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাঁর প্রভাব শিক্ষার্থীর পুরো জীবনজুড়ে ছড়িয়ে থাকে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমার প্রিয় শিক্ষকসহ পৃথিবীর সব শিক্ষকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

লেখক: শিক্ষার্থী (সমাজবিজ্ঞান বিভাগ), নরসিংদী সরকারি মহিলা কলেজ

ডিএ/