স্ত্রীর প্রশংসা করার দিন আজ, সঙ্গীর মুখে হাসি ফোটাবেন যেভাবে

আমাদের প্রতিদিনের যান্ত্রিক আর ব্যস্ত জীবনে সবচেয়ে কাছের মানুষটিই অনেক সময় সবচেয়ে বেশি অবহেলিত হন। সংসার, সন্তান আর পরিবারের হাজারো দায়িত্ব পালন করতে গিয়ে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দেন যে নারী, তিনি হলেন স্ত্রী। অথচ দিন শেষে তাঁর মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না; কেবল একটু ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশই যথেষ্ট। আর এই ভালোবাসার উদযাপনের জন্যই রয়েছে একটি বিশেষ দিন—‘স্ত্রী দিবস’ বা ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’। প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার দিনটি পালিত হয়। সেই অনুযায়ী আজ ২০ সেপ্টেম্বর পালিত হচ্ছে দিনটি। যদিও এটি কোনো সরকারি ছুটি বা উৎসব নয়, তবে নিজেদের সম্পর্ককে আরও একটু রঙিন ও সতেজ করতে দিনটি কিন্তু দারুণ এক উপলক্ষ।
কেন দিনটি বিশেষ?
আমাদের সমাজব্যবস্থায় একজন স্ত্রী শুধু জীবনসঙ্গী নন, তিনি একটি সংসারের মূল চালিকাশক্তি। তাঁর প্রতিদিনের নীরব আত্মত্যাগ আর ভালোবাসার ওপর ভর করেই টিকে থাকে একটি পরিবার। কিন্তু আমরা কি প্রতিদিন কাজের ফাঁকে তাঁকে ধন্যবাদ জানাই? হয়তো না। ‘স্ত্রী দিবস’ মূলত সেই অকথিত ধন্যবাদ জানানোরই দিন। এই দিনটিতে আপনি চাইলে আপনার সঙ্গীকে বোঝাতে পারেন, তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট উপহার, একসঙ্গে একান্তে কিছুটা সময় কাটানো কিংবা কেবল মন ছুঁয়ে যাওয়া দুটি কথাই হতে পারে উদযাপনের মূল অনুষঙ্গ।
ভালোবাসার প্রকাশ হোক নিজের মতো
সঙ্গীকে ভালোবাসার কথা জানাতে খুব বড় কোনো আয়োজনের দরকার নেই। মনের গভীরের অনুভূতিগুলো সহজ ভাষায় প্রকাশ করলেই তা সবচেয়ে বেশি সুন্দর হয়। এই বিশেষ দিনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে একটি সুন্দর বার্তা পাঠিয়ে দিন শুরু করতে পারেন। তাঁকে বলতে পারেন-
“তুমিই সেই মানুষ, যে আমার সাধারণ জীবনকে অসাধারণ করে তুলেছে।”
কিংবা লিখতে পারেন,
“আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি কেবল তোমাকে ঘিরেই।”
শব্দগুলো যেন আপনার সত্যিকারের অনুভূতির প্রতিচ্ছবি হয়। একটি রোমান্টিক বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সুন্দর স্ট্যাটাস মুহূর্তেই আপনার স্ত্রীর সারা দিনের ক্লান্তি দূর করে দিতে পারে।
নতুন বিবাহিতদের জন্য রোমাঞ্চকর এক দিন
যাঁদের সদ্যই বিয়ে হয়েছে, তাঁদের জন্য এই দিনটি হতে পারে আরও অনেক বেশি আনন্দের। বিবাহিত জীবনের প্রথম ‘স্ত্রী দিবস’ হিসেবে দিনটিতে এক নতুন মাত্রা যোগ হতে পারে। নতুন জীবনে পা রাখা স্ত্রীর জন্য আপনার ছোট একটি বার্তা হতে পারে আগামী দিনের ভরসা। তাঁকে জানাতে পারেন যে, জীবনের এই নতুন পথচলায় তাঁকে পাশে পেয়ে আপনি কতটা আনন্দিত ও কৃতজ্ঞ।
“একসঙ্গে পথচলার এই তো কেবল শুরু, আগামী দিনগুলোও যেন এমন হাসিখুশিতেই কাটে”
এমন একটি বার্তা আপনাদের নববিবাহিত সম্পর্ককে আরও মজবুত করবে।
হবু স্ত্রীর জন্যও থাকুক শুভকামনা
শুধু বিবাহিত স্ত্রীর জন্যই নয়, যাঁদের বিয়ের কথা পাকা হয়ে আছে বা যাঁরা খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, তাঁরাও দিনটি উদযাপন করতে পারেন। আপনার হবু স্ত্রীকে এদিন একটি সুন্দর বার্তা পাঠিয়ে বুঝিয়ে দিন, তাঁকে জীবনসঙ্গী হিসেবে পেতে আপনি কতটা মুখিয়ে আছেন। তাঁকে জানাতে পারেন,
“যাঁকে আমি স্ত্রী হিসেবে পেতে যাচ্ছি, তাঁর চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না। তোমার সঙ্গে ঘর বাঁধার অপেক্ষায় আছি।”
এই ছোট ছোট কথাগুলোই বিয়ের আগের সম্পর্ককে আরও মধুর ও গভীর করে তোলে।
সত্যি বলতে কী, ভালোবাসার মানুষকে ভালোবাসতে আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না। বছরের প্রতিটি দিনই হতে পারে ভালোবাসার। তবে জীবনের দৌড়ঝাঁপে যখন আমরা একে অপরের প্রতি মনোযোগ দিতে ভুলে যাই, তখন এ ধরনের বিশেষ দিনগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়। স্ত্রীর জন্য ছোট্ট কোনো চমক বা মন ভালো করা একটা বার্তার মাধ্যমে বুঝিয়ে দিন, তিনি আপনার জীবনে কতটা মূল্যবান। কারণ, সম্পর্কের যত্ন নিলে তা সময়ের সঙ্গে সঙ্গে আরও সুন্দর ও গাঢ় হয়ে ওঠে।
ডিএ/