শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুশিল্পী সারাহর সাফল্য

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের ১০ বছর বয়সী ক্ষুদে চিত্রশিল্পী সারাহ ওয়ানিয়া তরফদার। মালদ্বীপ বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারতের অংশগ্রহণে আয়োজিত কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন ২০২৬ প্রতিযোগিতায় সে বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই প্রতিযোগিতায় সারাহর আঁকা ছবি মালদ্বীপ পর্ব থেকে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্বে স্থান পেয়েছিল।

​সারাহর পুরস্কারপ্রাপ্ত চিত্রকর্মের মূল বিষয় ছিল পহেলা বৈশাখের খাবারের থালি। চিত্রকর্মটিতে বাঙালির লোকজ ঐতিহ্য উৎসব এবং খাদ্যসংস্কৃতির এক নান্দনিক মেলবন্ধন ফুটে উঠেছে। রং ও তুলির আঁচড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আন্তর্জাতিক শিল্পমঞ্চে চমৎকারভাবে উপস্থাপন করে সারাহ এই অনন্য স্বীকৃতি অর্জন করেছে। সে ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তার ছবি আঁকার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বলে জানা গেছে।

​সারাহর মা সোনিয়া তাসনিম একজন লেখক গবেষক প্রাবন্ধিক ও কলামিস্ট এবং বাবা মো. আশরাফ ইকবাল তরফদার পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। সন্তানের এমন আন্তর্জাতিক অর্জনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তার পরিবার। পরিবারের সদস্যরা মনে করেন ছোটবেলা থেকেই শিশুর সৃজনশীল প্রতিভাকে উৎসাহ ও যথাযথ পরিবেশ দেওয়া হলে তা ভবিষ্যতে আরও বিকশিত হওয়ার সুযোগ পায়। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে আয়োজিত এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সারাহ ওয়ানিয়া তরফদারের হাতে তার অর্জনের স্বীকৃতি তুলে দেওয়া হয়।

​সারাহর এই অর্জন কেবল একটি পুরস্কার পাওয়ার ঘটনা নয় বরং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক শিল্পাঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক সুন্দর প্রতিনিধিত্ব ঘটেছে। এক শিশুশিল্পীর রঙে পহেলা বৈশাখের খাবারের থালি হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্যের নান্দনিক প্রতিচ্ছবি। আগামী দিনেও সারাহর শিল্পচর্চার পথ আরও প্রসারিত হবে বলে তার পরিবার ও শিল্পানুরাগীরা প্রত্যাশা করছেন।

ডিএ/