রবিবার, ৫ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যহীন নতুন রাষ্ট্র গড়ার স্বপ্নে সেদিন অকাতরে প্রাণ বিলিয়েছিলেন দেশের অকুতোভয় ছাত্র-জনতা। বিজয়ের দুই বছর পর দাঁড়িয়ে বিপ্লবের প্রাপ্তি-অপ্রাপ্তি, শহীদদের স্মৃতি ও আগামীর প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন আমানুর রহমান
​রক্তের দামে কেনা বিজয়
বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট এক অবিস্মরণীয় দিন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সেদিন পতন ঘটে দেড় দশকের ভয়ের সংস্কৃতির। ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির চূড়ান্ত চাপে রচিত হয় নতুন ইতিহাস।
​৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে আমি তখন শয্যাশায়ী। পরদিন দুপুর ১টায় সহযোদ্ধা নাহিদ ভাইয়ের ফোনে ‘ঈদ মোবারক’ শুনে আনন্দে আত্মহারা হয়ে যাই। বাবা এসে জড়িয়ে ধরে বললেন, “বাংলা আবার স্বাধীন হয়েছে, চলো বিজয় মিছিলে।” বাবার হাত ধরে রাস্তায় নামতেই দুচোখ বেয়ে অশ্রু ঝরছিল; মনে পড়ছিল আন্দোলনের প্রতিটি ত্যাগ ও সংগ্রামের কথা।
​৫ আগস্টের বিজয় আমাদের শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার এক নতুন সম্ভাবনা এনে দিয়েছে। তবে এই অর্জনকে ধরে রেখে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
— তানজিলা আক্তার তানু, শিক্ষার্থী, সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ, নারায়ণগঞ্জ।
​দ্রোহের আগুনে জুলাই বিপ্লব
জনপ্রত্যাশা ও প্রাপ্তির বিস্তর ব্যবধান থেকেই মূলত জনমনে ক্ষোভ ও দ্রোহের জন্ম হয়। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানও হঠাৎ করে আসেনি; বরং ২০১৩ ও ২০১৮ সালের ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় মেধার যথাযথ মূল্যায়নের দাবিতেই এর সূচনা হয়েছিল। কিন্তু সরকারের চরম উপেক্ষা, কঠোর মনোভাব এবং তৎকালীন সরকারপ্রধানের উসকানিমূলক বক্তব্য এই আন্দোলনকে দাবানলে পরিণত করে।
​পুলিশের নির্বিচার গুলি, হত্যা ও গুমের মতো নির্মম নিপীড়ন সত্ত্বেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ তরুণরা রাজপথ ছাড়েননি। রক্তের অক্ষরে লেখা এই সংগ্রামে যখন সাধারণ মানুষ ও নানা রাজনৈতিক দল নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভ নিয়ে যুক্ত হয়, তখন তা এক দফার গণঅভ্যুত্থানে রূপ নেয়। তরুণদের এই অদম্য সাহস ও ঐক্যবদ্ধ অবস্থান আবারও প্রমাণ করেছে, সাহসী তরুণেরাই জাতির ইতিহাস পরিবর্তনের মূল কারিগর।
— নুসরাত জেরিন, শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
​রক্তস্নাত জুলাইয়ের গণঅভ্যুত্থান
জুলাইয়ের আন্দোলন কেবল একটি সাধারণ বিক্ষোভ ছিল না; এটি ছিল ন্যায়, অধিকার ও সাম্য প্রতিষ্ঠার এক অভূতপূর্ব সংগ্রাম। শুরুতে শিক্ষার্থীরা এর নেতৃত্ব দিলেও খুব দ্রুতই রিকশাচালক, শ্রমিক ও অভিভাবকসহ সর্বস্তরের জনতা তাঁদের পাশে এসে দাঁড়ান। ছাত্র-জনতার এই অভাবনীয় ঐক্যই একটি দাবিকে সর্বাত্মক গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল। সবার বুকে ছিল বৈষম্যহীন ও মানবিক এক নতুন বাংলাদেশের স্বপ্ন।
​অধিকার আদায়ের এই পথে আমরা হারিয়েছি অনেক অকুতোভয় প্রাণ। অগণিত মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন; কেউ হারিয়েছেন চোখ, কেউ হাত-পা, আবার কেউ বা হারিয়েছেন প্রিয়জন। তবুও ভয় তাঁদের টলাতে পারেনি। তাঁদের অসীম সাহস ও আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদ এবং আত্মত্যাগী সাহসী মানুষের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
— অন্তি বড়ুয়া, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
স্মৃতি ও সংগ্রামের দুই বছর
জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর বেদনা আজও অমলিন। আবু সাঈদ ও মুগ্ধসহ অসংখ্য শহীদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। একটি বৈষম্যহীন আগামীর স্বপ্নে তাঁরা ঘর ছেড়েছিলেন, কিন্তু আর ফেরেননি। অন্যদিকে, আহতদের অনেকেই আজও শারীরিক যন্ত্রণা, মানসিক ট্রমা ও অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করছেন।
​তাঁদের এই অসামান্য ত্যাগকে কেবল আনুষ্ঠানিক স্মরণসভা বা পুষ্পস্তবক অর্পণের মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না; প্রয়োজন বাস্তব সহায়তা, যথাযথ পুনর্বাসন এবং মর্যাদাপূর্ণ স্বীকৃতি। আত্মত্যাগী বীরদের সম্মান জানানোর মধ্য দিয়েই একটি জাতি প্রকৃত অর্থে মহান হয়ে ওঠে। তাই আমাদের জোরালো প্রত্যাশা—শহীদ পরিবার ও আহতদের কল্যাণে গৃহীত উদ্যোগগুলোর দ্রুত ও ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত হোক এবং এই বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা হোক।
— সুমনা আক্তার, শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার।
​ইন্টারনেট শাটডাউন ভেঙে জুলাইয়ের গর্জন
ঐতিহাসিক জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউন কেবল প্রযুক্তিগত বাধা ছিল না, বরং এটি ছিল তথ্যপ্রবাহ রোধ ও বাস্তব পরিস্থিতি আড়াল করার সুপরিকল্পিত কৌশল। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্নতায় পরিবার, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে প্রবল উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিন্তু তরুণ প্রজন্ম সাহসিকতার সঙ্গে অফলাইন নেটওয়ার্ক, এসএমএস ও ব্লুটুথের মতো বিকল্প উপায়ে তথ্য আদান-প্রদান অব্যাহত রাখে।
​ইন্টারনেট আংশিক সচল হতেই ছবি, ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে আসল সত্য দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে জুলাই আন্দোলনের প্রকৃত ঘটনা তুলে ধরে বিশ্বজনমত গঠনে অসামান্য ভূমিকা রাখেন। এই অভিজ্ঞতা প্রমাণ করে, সাময়িকভাবে সত্য দমিয়ে রাখা গেলেও মানুষের ঐক্য ও সাহসী উদ্যোগের কাছে তথ্যপ্রবাহ কখনোই স্তব্ধ হয় না।
— মাহজাবীন তাসনীম রুহী, শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট।
​জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি
২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান কেবল স্বৈরাচারী সরকারের পতন ছিল না; তা ছিল শোষণ, দুর্নীতি ও বেকারত্বমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার বজ্রশপথ। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাস্তবায়ন আজ বড় প্রশ্নের মুখে।
​স্বৈরশাসনের অবসান ঘটলেও প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে পুরোনো বৈষম্যমূলক ব্যবস্থার ছায়া এখনো বিদ্যমান। নাগরিক অধিকার ও মানবাধিকার রক্ষার এই লড়াই আমাদের এক কঠিন যুগসন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। বর্তমানের প্রতিটি সিদ্ধান্ত ও নীরবতাই নির্ধারণ করবে আগামীর পথরেখা। শহীদদের রক্তে রঞ্জিত রাজপথে অর্জিত স্বাধীনতার আলো যেন ক্ষণিকের অবহেলা কিংবা নীরবতার আঁধারে নিভে না যায়। এই মহান অর্জনকে শুধু স্মরণে রাখা নয়, বরং তাকে রক্ষা ও হৃদয়ে ধারণ করাই হোক আমাদের সকলের পবিত্র যৌথ অঙ্গীকার।
— ফারনাজ মুক্তা, শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ, নরসিংদী।
শুভ্র/