আস্থা আর ভালোবাসার শেষ ঠিকানা বাবা

বাবা মানে স্নেহ, ভালোবাসায় আগলে রাখার এক মহান ব্যক্তিত্ব। বাবা মানে হৃদস্পন্দন, আস্থা, নির্ভরতা ও ভালোবাসার শেষ আশ্রয়স্থল। একজন মানুষের জীবনে যিনি সত্যিকারের হিরো তিনি হলেন তার বাবা। বাবা মানে একটি বটবৃক্ষ। আমার দেখা পৃথিবীর সর্বাপেক্ষা সংগ্রামী, নির্ভীক, আদর্শবান ও অনুকরণীয় ব্যক্তিটি হলেন ‘বাবা’। বাবা মানে একাই একটি প্রতিষ্ঠান। বাবা মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক। যার আত্মত্যাগের বিবরণ লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে তবু লেখা শেষ হবে না- সেই অনুভূতিটার নাম বাবা। জন্মের পর বাবার হাত ধরে পথচলা শুরু হয়, শৈশবে তিনি খেলার সাথী ও সর্বোত্তম বন্ধু, কৈশোরে আবদার পূরণের মহাসমুদ্র। সন্তানের ভবিষ্যতের সকল সম্ভাবনা গুলো তিল তিল করে তৈরি করে তোলেন একজন বাবা। বাবা মানে সমস্ত কষ্ট লুকিয়ে রেখে সন্তানের জন্য হাজারো চেষ্টা। এই পৃথিবীতে একজন সন্তানের জীবনের ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে তার বাবার মাধ্যমে। বাবা মানে গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকা কোমল মনের একজন মানুষ। বাবা মানে রাগান্বিত সেই ব্যাক্তি। বাবা মানে তার কাঁধে তুলে চারপাশ দেখানো সেই প্রিয় মুখ। প্রবাসে প্রতি মুহূর্তে বাবার কথা মনে পড়ে, তার উপদেশমূলক কথাগুলো বারবার হৃদয়ে নাড়া দেয়। বাবা শব্দটা বলে ডাকা আর সম্ভব নয়। আজ বাবা দিবসে বাবাকে খুব মনে পড়ে। বাবার মতো পাশে থেকে কেউ সাহস দেয় না। শাসন, ভালোবাসা আর অনুপ্রেরণার মানুষ টাই বাবা। বাবা এই প্রবাসে তোমাকে অনেক মিস করি। পৃথিবীতে সন্তানদের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া মানুষকে যেন তার সন্তানেরা বুঝতে পারে। বাবা যেন শেষ বয়সে কারও বোঝা না হয়। তার শেষ বয়সে যেন শেষ আশ্রয়স্থলটা পরিবারেই হয়। এই বিশেষ দিনে বাবার উদ্দেশ্যে বলতে চাই অনেক ভালোবাসি তোমাকে। পৃথিবীর সকল বাবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।