গুগল ডুডলে মহান মে দিবসের শ্রদ্ধা

আজ ১ মে, মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই বিশেষ দিনটিকে সম্মান জানাতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের হোমপেজে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে।
আজকের ডুডলটিতে গুগলের নামের অক্ষরগুলোর সঙ্গে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পেশার শ্রমিকদের। ছবিতে দেখা যাচ্ছে কেউ গাড়ি মেরামত করছেন, কেউ এক্স-রে রিপোর্ট দেখছেন, কেউ ভারী বাক্স বহন করছেন, কেউ ওয়েল্ডিংয়ের কাজ করছেন এবং কেউ গাছপালার পরিচর্যা বা কৃষিকাজে যুক্ত। মূলত সমাজের প্রতিটি স্তরে কাজ করা মানুষদের নিত্যদিনের অবদানকে এক ফ্রেমে তুলে এনেছে গুগল।
গুগল তাদের এই ডুডল সম্পর্কে জানিয়েছে, যেসব শ্রমিক এবং অধিকারকর্মীরা আমাদের আধুনিক কর্মপরিবেশ তৈরিতে সাহায্য করেছেন, এই ডুডলটি তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি পেশার মানুষেরই কাজের মর্যাদা রয়েছে এবং আজকের আধুনিক পৃথিবী তাদেরই পরিশ্রমের ফসল।
বিশেষ কোনো দিন, ঐতিহাসিক ঘটনা বা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে গুগল প্রায়ই তাদের মূল লোগো পরিবর্তন করে এমন সৃজনশীল ডুডল তৈরি করে থাকে। এবারের মে দিবসের ডুডলটিও তার ব্যতিক্রম নয়। গুগলের হোমপেজে গেলেই আজ চোখে পড়বে এই চমৎকার শিল্পকর্মটি, যা সাধারণ মানুষের অসাধারণ অবদানকে স্বীকৃতি দিচ্ছে।
শুভ্র/