বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।

চাঁদ দেখা যাওয়ায় আজ থেকেই এশার নামাজের পর তারাবি শুরু হবে। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকালই (১৭ ফেব্রুয়ারি) মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সেখানে আজ প্রথম রোজা পালিত হচ্ছে। এ হিসেবে আগেই ধারণা করা হচ্ছিল দেশের আকাশে আজ রমজানের চাঁদ দেখা যাবে। সাধারণত সৌদি আরবের একদিন পর দেশের আকাশে রোজা ও ঈদের চাঁদ ওঠে।

মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এই তিন অংশে বিভক্ত এই মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত।
ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন সাত থেকে ৭০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। রমজান শেষে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।