শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে মামুন ফেরদৌসের বই

দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাসকো গ্রুপের মার্কেটিং ও মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার এস কে মামুন ফেরদৌস তাঁর স্বরচিত দুই সেট বা ১০টি বই উপহার হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ-নিটারের পরিচালক আশেকুল আলম রানার নিকট প্রেরণ করেছেন। সম্প্রতি পাঠানো এই বইগুলো বর্তমানে নিটার লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়েছে, যা শিক্ষার্থী ও গবেষকদের জন্য উন্মুক্ত থাকবে।
এই কার্যক্রমে সহযোগিতা করেন মাসকো গ্রুপের মার্চেন্ডাইজার ধ্রুব হাসান এবং নিটার সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট ও প্যারামাউন্ট টেক্সটাইলের এক্সিকিউটিভ সাসটেইনেবিলিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান বুরহান উদ্দিন বান্না।
বই গ্রহণ করে নিটারের পরিচালক আশেকুল আলম রানা বলেন, শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান, পেশাগত দক্ষতা এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে তিনি এস কে মামুন ফেরদৌসকে বই উপহারের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরবর্তী সময়ে নিটারের একটি প্রতিনিধিদল মাসকো গ্রুপে গিয়ে এস কে মামুন ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন নিটার সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট ও প্যারামাউন্ট টেক্সটাইলের এক্সিকিউটিভ সাসটেইনেবিলিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) লাবিবা সালওয়া ইসলাম। এ সময় মাসকো গ্রুপে মার্কেটিং ও মার্চেন্ডাইজিং বিভাগে কর্মরত নিটারের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এস কে মামুন ফেরদৌস তাঁর বই সম্পর্কে বলেন, বইগুলো মূলত ব্যক্তিগত উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বগুণ বিকাশের ওপর ভিত্তি করে লেখা। সঠিক লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের দিকনির্দেশনা এতে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে তিনি তাঁর লেখা বই উপহার হিসেবে দিয়ে থাকেন। তবে নিটারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ও সম্মাননা প্রকাশ তাঁর জন্য একটি ব্যতিক্রমধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা।
মাসকো গ্রুপে কর্মরত নিটারের সাবেক শিক্ষার্থী দীপংকর ভদ্র বলেন, এস কে মামুন ফেরদৌসের এখন পর্যন্ত প্রকাশিত প্রতিটি বই আমি সংগ্রহ করেছি। বইগুলো যেমন বর্তমান করপোরেট পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি বর্তমান শিক্ষার্থীদের, যারা ভবিষ্যতের করপোরেট লিডার তাদের জন্যও এটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী জ্ঞান ও ভবিষ্যৎমুখী দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি করবে।