রবিবার, ১ নভেম্বর ২০২৬
রবিবার, ১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তরুণদের হাত ধরেই আসুক শুভ পরিবর্তন, গড়ব নতুন বাংলাদেশ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আজ জাতীয় যুব দিবস। তারুণ্যের শক্তি, সাহস, স্বপ্ন ও সম্ভাবনাকে উদ্‌যাপনের দিন। সবাইকে জাতীয় যুব দিবসের আন্তরিক শুভেচ্ছা ও তারুণ্যের প্রতি অফুরন্ত ভালোবাসা।একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তারুণ্যের চিন্তা, মেধা ও কর্মের ওপর। ইতিহাস সাক্ষী, প্রতিটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে তরুণেরা অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা সাম্প্রতিক গণ-আন্দোলন সবখানেই তরুণদের সাহস ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে।

আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন একটি দেশ, যেখানে থাকবে না বৈষম্য, অন্যায় কিংবা বঞ্চনা। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বও নিতে হবে আমাদের তরুণ প্রজন্মকে।

আমার মনে হয়, দেশ গঠনে তরুণদের কয়েকটি বিষয়ে বিশেষভাবে মনোযোগী হওয়া জরুরি। প্রথমত, সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ততা বাড়াতে হবে। রক্তদান, পরিবেশ সংরক্ষণ, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো কিংবা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মতো উদ্যোগে তরুণদের এগিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। রাজনীতি থেকে মুখ ফিরিয়ে না রেখে দেশ, রাষ্ট্র ও মানুষের অধিকার সম্পর্কে জানতে হবে। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি যোগ্য ও সৎ নেতৃত্ব তৈরিতেও ভূমিকা রাখতে হবে।

তৃতীয়ত, বিভেদ নয়, ঐক্যের চর্চা করতে হবে। রাজনৈতিক মতাদর্শ কিংবা চিন্তার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও উদ্যোক্তা তৈরিতে তরুণদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

আমরা প্রায়ই বলি, তরুণেরাই আগামীর ভবিষ্যৎ। কিন্তু তরুণেরা শুধু ভবিষ্যৎ নয়, বর্তমান বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ অংশীদার। তাই তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। রাষ্ট্রকে যেমন তরুণদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি তরুণদেরও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

আমি বিশ্বাস করি, তরুণদের সঠিক দিকনির্দেশনা, মেধা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জাতীয় যুব দিবসে আমাদের অঙ্গীকার হোক—নিজেকে দক্ষ করে গড়ে তুলব, মানুষের পাশে দাঁড়াব এবং দেশের ইতিবাচক পরিবর্তনে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখব।

পরিবর্তনের অপেক্ষায় নয়, পরিবর্তনের অংশীদার হোক আজকের তরুণ সমাজ। তারুণ্যের হাত ধরেই গড়ে উঠুক আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ।

মো. রাহীক খান চৌধুরী
যুব প্রধান, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ডেপুটি ডিরেক্টর, পিপলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন