তরুণ লেখক মোহাম্মদ অংকনের জন্মদিন আজ

আজ ৭ নভেম্বর, তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখক মোহাম্মদ অংকনের ২৯তম জন্মদিন। ১৯৯৭ সালের এই দিনে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। শুভ জন্মদিনে এই তরুণ লেখকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।
শৈশব থেকেই লেখালেখির সাথে যুক্ত অংকন। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সাময়িকীতে নিয়মিত লিখছেন তিনি। গল্প, কবিতা, উপন্যাসসহ সাহিত্যের নানা শাখায় তার বিচরণ রয়েছে। ২০২৬ সাল পর্যন্ত তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।
এর আগে তার উপন্যাস ‘কঙ্কাল রহস্য’ ও গল্পগ্রন্থ ‘মেঘে ঢাকা চাঁদ’ পাঠকমহলে বেশ সমাদৃত হয়। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত তার ‘দুঃখ’ সিরিজের কবিতার বই ‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’ এবং ‘আমার তোমাকেই লাগবে’ দারুণ সাড়া জাগায়। সম্প্রতি তার লেখা কিশোর উপযোগী আরও তিনটি বই প্রকাশিত হয়েছে।
নিজের লেখালেখি প্রসঙ্গে অংকন জানান, তিনি দুঃখবোধের কবিতা বেশি লেখেন। তার মতে, দুঃখের মধ্যেই সুখ লুকায়িত থাকে। অপূর্ণতার আস্ফালন আর মানুষের পাওয়া না পাওয়ার উপাখ্যানই তার সাহিত্যের অন্যতম অনুষঙ্গ।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ অংকনের ঝুলিতে রয়েছে ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’, ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার-২০২১’ এবং ‘পাপড়ি-করামত আলী পাণ্ডুলিপি পুরস্কার-২০১৯’।
শিক্ষাজীবনে মোহাম্মদ অংকন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক শেষ করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কম্পিউটার বিভাগে কর্মরত আছেন।