শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আজ আন্তর্জাতিক অহিংস দিবস

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আজ ২ অক্টোবর, আন্তর্জাতিক অহিংস দিবস। হিংসা, বিদ্বেষ, হানাহানি, অসহিষ্ণুতা ও রক্তপাতহীন একটি সম্প্রীতির বিশ্ব গড়ার আহ্বানে সারা বিশ্বে দিনটি পালিত হচ্ছে। অহিংসা বলতে মূলত যেকোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকাকেই বোঝায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। ভারতে দিনটি ‘গান্ধী জয়ন্তী’ হিসেবে পরিচিত।

মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন একসময় পৃথিবীতে অসহিষ্ণুতা ও উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই আদর্শকে ধারণ করেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। দেশে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সংঘাত নয়, জঙ্গিবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’। এই প্রতিপাদ্য সামনে রেখে শোভাযাত্রা ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটির পেছনের ইতিহাস বেশ তাৎপর্যপূর্ণ। ২০০৪ সালের জানুয়ারিতে প্যারিসে ইরানি নোবেলজয়ী শিরিন এবাদি তাঁর একজন হিন্দি শিক্ষকের কাছ থেকে দিবসটি পালনের একটি প্রস্তাব পান। পরে ২০০৭ সালে ভারতের সোনিয়া গান্ধী জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন। ওই বছরের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।