বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বয়ঃসন্ধিকালীন মানসিক চাপ মোকাবিলা, আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করার লক্ষ্যে রাজধানীর আজিমপুর শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মশালা ‘মনের যত্ন সবার আগে’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাইন্ডরিডার ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়, যেখানে বিদ্যালয়টির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক অবসাদ কাটানো, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার বিভিন্ন বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

মাইন্ডরিডার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মোকাদ্দেস আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করা ছাড়া একটি সমৃদ্ধ জাতি গঠন কোনোভাবেই সম্ভব নয়। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো অনেক ট্যাবু বা কুসংস্কার রয়েছে, যা ভাঙার দায়িত্ব আজকের এই তরুণ প্রজন্মের। হতাশায় ভুগে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আমরা চাই আমাদের কোনো শিক্ষার্থী যেন মানসিক অবসাদ বা বিষণ্ণতায় ভুগে আত্মহত্যার মতো কোনো ভুল পথ বেছে না নেয়।

সভাপতির বক্তব্যে মাইন্ডরিডার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মোকাদ্দেস আলী বলেন, ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের শেখানো কীভাবে নিজেদের ও আশেপাশের মানুষের অনুভূতির যত্ন নিতে হয়। আমরা বিশ্বাস করি, আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে তুলবে।

‘মনের যত্ন সবার আগে’ শীর্ষক কর্মশালাটি বাস্তবায়নে সার্বিক নেতৃত্ব দিয়েছেন প্রজেক্ট ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা। এই আয়োজনে সহযোগী হিসেবে কাজ করেছেন প্রকল্পের সদস্য রাজিয়া সুলতানা ঝুমুর, সুখী আক্তার লামিয়া, নুরুন্নাহার আক্তার, উম্মে স্মিতা শান্তু এবং আফরোজা আক্তার মনি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার চাপ ও দৈনন্দিন জীবনের নানা মানসিক অস্থিরতা দূর করার ক্ষেত্রে এই আয়োজন তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এমন আয়োজন ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।