সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত এবং সার বিতরণ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে অনিয়ম চিহ্নিত করা এবং তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত হয়।

কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে তাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল এমপি ও মোছা. সাবিরা সুলতানা এমপি।

বৈঠকে সভাপতি বলেন, সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরসন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত সার মজুত রয়েছে।

তিনি বলেন, সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে।

বৈঠকে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগের বিষয়েও আলোচনা হয়। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখার সুপারিশ করা হয়। অন্যদিকে, যেসব ক্ষেত্রে ইতোমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হয়।

বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুলসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা অংশ নেন।

এতে কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।