বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনের ছুটিতে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হাজারো পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে সমুদ্র সৈকত।

তাদের উপস্থিতিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে বেচাকেনা।

বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, সৈকতে আসা পর্যটকদের কেউ সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠছেন। আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

অনেককে প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতেও দেখা গেছে। সব মিলিয়ে সৈকতজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পর্যটকদের আগমনে কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে বেড়েছে কক্ষের চাহিদা।

সংশ্লিষ্টদের তথ্য মতে, ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের আনাগোনায় রেস্তোরাঁ, খাবারের দোকানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও বেচাকেনা বেড়েছে।

এদিকে, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ এবং আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের আশা, এ সময়ে কুয়াকাটায় প্রায় চার লাখ পর্যটকের আগমন ঘটতে পারে।