জাতীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান তামীম

জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় আন্দোলনকারী, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্ব পাওয়ায় তামীমকে ফেসবুকে পোস্ট দিয়ে স্বাগত জানিয়েছেন সংগঠনের শীর্ষ এই দুই নেতাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
রায়হান আহমেদ তামীম জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির একজন সক্রিয় আন্দোলনকারী ছিলেন। সে সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আন্দোলনের একপর্যায়ে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে তিনি কারামুক্ত হন। আন্দোলন শেষে রাজনীতি থেকে নিজেকে কিছুটা গুটিয়ে ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেছিলেন।
দীর্ঘদিন পর আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণ জানতে চাইলে তামীম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হওয়ার পর কাগজে-কলমে রাজনীতিতে না থাকলেও চিন্তা ও চেতনায় পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এখন জাতীয় যুবশক্তির সঙ্গে যুক্ত হওয়ার মূল কারণ হলো, তরুণ ও যুবকদের নিয়ে কাজ করার সুযোগ। বিশেষ করে আমি আমার জন্মস্থান মুন্সিগঞ্জের কিশোর ও তরুণদের নিয়ে কাজ করতে চাই। রাজনৈতিক প্ল্যাটফর্ম সেই কাজকে আরও সহজ করবে।
ব্যক্তিজীবনে রায়হান তামীম একজন সাবেক মাদ্রাসা শিক্ষার্থী। বর্তমানে তিনি পাবলিক রিলেশনস (পিআর) এবং ব্র্যান্ডিং ও মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে একটি পিআর এজেন্সির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন। রাজনীতি ও অ্যাক্টিভিজমের পাশাপাশি দীর্ঘ প্রায় নয় বছর ধরে তিনি জাতীয় গণমাধ্যমে লেখালেখির সঙ্গে যুক্ত। দৈনিক আমার দেশ, সমকাল ও জাগো নিউজসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত ফিচার লিখছেন তিনি। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে।