১১ দলীয় ঐক্যের লংমার্চে শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অনুষ্ঠিত পথসভায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করা লংমার্চটি বিভিন্ন পথসভা শেষে হাটিকুমরুলে পৌঁছে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের বিভিন্ন প্রত্যাশা ও দাবিগুলো তুলে ধরতে হবে। একইসঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, কাঠফাটা রোদের মধ্যেও কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের উপস্থিতি তাদের রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ। তিনি ঘোষিত দাবিগুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সচিব সারজিস আলমসহ জাতীয় ও স্থানীয় নেতারা পথসভায় বক্তব্য রাখেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামত ও প্রত্যাশার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। রাজনৈতিক দলগুলোরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লংমার্চ উপলক্ষে সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিস্থলে আসেন। হাটিকুমরুলে পথসভা শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।
আয়োজকরা জানান, ঘোষিত দাবিগুলো নিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার লক্ষ্যেই এ লংমার্চের আয়োজন করা হয়েছে।