ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১১ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।
আজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগস্ট-২০২৬ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় স্থান শাহজাহানপুর থানা।
অপরদিকে, সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।
শ্রেষ্ঠ এসআই প্রথম স্থান অর্জন করেছেন মিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার এসআই মহিবুল্লাহ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন বনানী থানার এসআই জুম্মান খান। এছাড়াও এএসআইদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. কামাল উদ্দিন। দ্বিতীয় স্থান অর্জন করেছে যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন পল্টন থানার এএসআই মো. নাজিম উদ্দিন।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব।
অপরদিকে ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মিরপুর-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে যাত্রাবাড়ী-ট্রাফিক জোনের সার্জেন্ট টুটুল মালো।
এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সব থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।