কামরুল হাসানের প্রশ্নের জবাবে ঢাকায় ওয়াটার বাস চালুর আশ্বাস

ঢাকার চারপাশের ১১০ কিলোমিটার নৌপথে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ওয়াটার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আগের ওয়াটার বাস সার্ভিসে লোকসানের কারণ চিহ্নিত করে নতুন উদ্যোগে সেবাটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকার চারপাশে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীসহ বিস্তৃত নৌপথ রয়েছে। এসব নৌপথে যাত্রী পরিবহন চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শেখ রবিউল আলম বলেন, প্রায় এক দশক আগে ঢাকায় ওয়াটার বাস সার্ভিস চালু করা হয়েছিল। তবে গত ১০ বছরে এ সেবায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। বছরে গড়ে লোকসানের পরিমাণ প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।
আগের সেবার সমস্যাগুলো চিহ্নিত করে নতুন করে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ বিষয়ে কাজ করছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই সেবা চালু হবে।’
ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়েও সংসদে কথা বলেন নৌপরিবহনমন্ত্রী। তিনি জানান, নদীর তীরে ৪২৪টি দূষণস্থল চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলা হচ্ছে।
ঢাকার চারপাশের পাঁচটি নদীকে দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ উদ্যোগ তদারকিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে এ বিষয়ে উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং নদীগুলো পরিদর্শন করা হয়েছে।
মন্ত্রী বলেন, নদীর তীর পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
শুভ্র/