রবিবার, ১২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সুপ্তধারা ঝরনায় আটকে পড়া ৪ ছাত্র ৯৯৯-এর সহায়তায় উদ্ধার

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝরনায় ঘুরতে গিয়ে আটকে পড়া চার বিশ্ববিদ্যালয় ছাত্রকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়।

​জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম শহরের আনাইরপাড়া থেকে আবদুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার ছোট ভাই সাকিব (২২) ও তার তিন বন্ধু সীতাকুণ্ডের ইকোপার্কে ঘুরতে গিয়েছিলেন। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। সুপ্তধারা ঝরনা থেকে ফেরার সময় হঠাৎ ভারী বৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ তলিয়ে যায় এবং তারা পথ হারিয়ে সেখানে আটকে পড়েন।

​কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার এএসআই শরিফুল ইসলাম। এরপর ফায়ার ডিসপ্যাচার মো. আলতাফ হোসেনের মাধ্যমে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে দ্রুত বিষয়টি জানানো হয়।

​খবর পেয়ে উদ্ধারকারী দল প্রবল বৃষ্টির মধ্যেই তিন কিলোমিটার পাহাড়ি দুর্গম পথ হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত ৮টা ১০ মিনিটে আটকে পড়া চার ছাত্রকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মতিরায় লাল ত্রিপুরা এই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুভ্র/