শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ আসন বরাদ্দ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার জন্য শিক্ষার্থীদের জন্য নির্ধারিত দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এক আধা-সরকারি পত্রের (ডিও) প্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার মন্ত্রীর এ আবেদন মঞ্জুর করেন।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে স্পিকারের কাছে পাঠানো ওই আধা-সরকারি পত্রে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান।

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি।

পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সংসদের কার্যক্রম প্রত্যক্ষভাবে অবলোকন তাদের দেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখবে।

পত্রে আরও উল্লেখ করা হয়, বর্তমানে সংসদের দর্শনার্থী গ্যালারিতে ৪৪৮টি আসনের মধ্যে মাত্র ৫০টি আসন অনূর্ধ্ব ১২ বছর বয়সীদের জন্য নির্ধারিত। শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০টি আসন স্থায়ীভাবে সংরক্ষিত রাখা হলে সারা দেশের শিক্ষার্থীরা শিক্ষা সফরের মাধ্যমে আমাদের রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।

স্পিকার এ প্রস্তাবটি বিবেচনা করেন এবং এখন থেকে মোট ১৫০ জন শিক্ষার্থী সংসদের অধিবেশন সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবেন।

এ উদ্যোগের বিষয়ে ড. মিলন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন; যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা (জেন-জি) রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনীতি সচেতন হয়ে উঠুক।’

জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদীয় কার্যক্রম ও ঐতিহ্য নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা সংসদের স্থাপত্য শৈলী ও ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে।