বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে লন্ডনের ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন তৌফিক ইমরোজ খালিদী। পরবর্তীতে প্রধান সম্পাদক হিসেবে প্রতিষ্ঠানটির সংবাদ কার্যক্রমকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে যান। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বরেণ্য এই সাংবাদিকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি এই সাংবাদিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একই সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, পেশাদারিত্ব এবং তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চায় তৌফিক ইমরোজ খালিদীর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় তিনি মরহুমের পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।
শুভ্র/