গ্লোবাল ইমাম-মুয়াজ্জিন-মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা পেলেন নেটওয়ার্ক নিউজের সম্পাদক

অনলাইন গণমাধ্যম নেটওয়ার্ক নিউজ বিডি’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক, লেখক ও গবেষক মাওলানা মোস্তফা কামাল মাহ্দীকে সম্মাননা স্মারক দিয়েছে গ্লোবাল ইমাম-মুয়াজ্জিন-মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরজাদা অধ্যক্ষ শাইখ মাওলানা হেদায়েতুল্লাহ জামালী।
এ সময় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় চিফ অ্যাডমিন মো. রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল মাহ্দী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি কামিল (তাফসির) এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সাপ্তাহিক ‘ছায়াছন্দ’ পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন মোস্তফা কামাল মাহ্দী। এরপর বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে সাংবাদিকতা ও সম্পাদনার সঙ্গে যুক্ত হন। তিনি ‘মঠবাড়ীয়া সমাচার’, ‘খোরাক’, ‘আলোচনা’, ‘চেতনা’, ‘সোনার বাংলা’ ও ‘আর্থিক খবর’সহ বিভিন্ন প্রকাশনায় বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। দৈনিক ‘সংগ্রাম’ ও ‘নয়া দিগন্ত’-এর সঙ্গেও সংবাদকর্মী হিসেবে যুক্ত ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা ও সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক, বেসরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর সম্পাদনায় ‘দিন বদলের পালা’ ও ‘কাব্য জোছনা’ নামে দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া তাঁর আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০১৮ সালে তিনি ‘আযানের টানে’ শিরোনামের একটি ইসলামী সংগীতে কণ্ঠ দেন। পরে মাকে নিয়ে প্রকাশিত একটি সংগীতে কণ্ঠশিল্পী ও সুরকার হিসেবেও কাজ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময়ে তিনি সাহিত্য, সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্রে একাধিক সম্মাননা পেয়েছেন। এর মধ্যে ২০১৮ সালের দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসবের সংবর্ধনা, ২০২১ সালের তর্কবাগীশ সাহিত্য সম্মাননা, ২০২৪ সালের আল্লামা ইকবাল আন্তর্জাতিক পদক এবং ২০২৫ সালে ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের বাংলা সাহিত্যের বেস্ট সার্টিফিকেট উল্লেখযোগ্য।
বর্তমানে মোস্তফা কামাল মাহ্দী জাতীয় পত্রিকা ‘দেশগ্রাম’-এর সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি দেশগ্রাম মিডিয়া সেন্টার ও দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উদ্যোগে বিভিন্ন সাহিত্য ও সম্মাননা কার্যক্রম পরিচালিত হচ্ছে।