রিফুর কবিতা মায়ের ডাক

মায়ের ডাক
রিফু
পৃথিবীজুড়ে হাজার ডাক, হাজার রকম সুর,
মায়ের ডাকে মনটা আমার যায় যে বহুদূর।
সেই ডাকেতে মায়া মেশে, মিশে থাকে প্রাণ,
মায়ের ডাকে যে খুঁজে পাই বেঁচে থাকার গান।
ছোট্টোবেলায় খেলতে গিয়ে সন্ধ্যা হলো ঘরে,
মা ডাকতো সেই চেনা সুর, ভালোবাসার স্বরে।
অভিমানী মন’টা আমার ছুটতো মায়ের পানে,
কত্ত সুখ যে লুকিয়ে ছিল মায়ের সেই ডাকে।
আজ আমি বড় হয়েছি, বদলে গেছে দিন,
জীবনজুড়ে ব্যস্ততা আর দায়িত্ব রঙিন।
তবু মায়ের কন্ঠ শুনে মনটা আমার কেমন করে,
ইচ্ছে করে আবার সেই ছোট্ট হয়ে ফিরি মায়ের কোলে।
মা যদি কয় “খেয়েছিস মা?” বুকটা ওঠে ভরে,
কত ভালোবাসা যে লুকিয়ে থাকে ছোট্ট কথার তরে।
নিজের শত কষ্ট ভুলে মা খোঁজ নেয় আমার সুখ,
আমার শত হাঁসির আড়ালেও সে বুঝতে পারে দুখ।
একদিন হয়তো অনেক দূরে থাকবো অন্য দেশে,
মায়ের ঘ্রানটা খুঁজবো তখন নীরব রজনীর শেষে।
লক্ষ মানুষের ভীড়ে থেকেও মনটা কাঁদবে হায়,
মায়ের মতো আপন করে ডাকবে আমায় কে আর?