রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

হাসান সাইফুল্লাহর কবিতা আবার দেখা হবে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আবার দেখা হবে
হাসান সাইফুল্লাহ

খুব ক্ষুদ্র এ অবনী—
আসি বললেই কি আর বিদায় নিতে পারি!
কাক ডাকা ভোরে,
পথিমধ্যে যখন আবার দেখা হবে—
বুঝে নেব বিচ্ছেদের মানে।

প্রতি রাতে বৃষ্টি কি শুধু আমাকেই ভেজাতে জানে?
তুমি গিয়েছ চলে;
তাই বলে কি আমি গিয়েছি সব ভুলে?
স্মৃতিগুলো রয়ে গেছে হৃদয়-গহিনে।
আমি রব অধীর আগ্রহে—
আমাদের আবার দেখা হবে।

কোন এক ফাগুনে,
বসন্তের বাতাসে;
স্বপ্ন হয়ে ঘুম ভাঙছ অন্যের আঁখিতে।
আমাদের আবার দেখা হবে—
আমার হঠাৎ ভাঙা দুঃস্বপ্নে।

হয়তো দু’জন মিলব কোনো বাঁকে—
না হয় বা কোনো এক অসময়ে;
হয়তো বা তুমি নতুন বধূরূপে,
আমি না হয় দেখলাম তোমায় একলা পথিক হয়ে।

বাতাসে রটানো সুর বুঝে নিও,
বুঝে নিও রূদ্ধশ্বাসে তোমার তৃপ্ত ঢেউ।
বুঝে নিও— সেই কল্পনায় আর তো নেই কেউ,
মিথ্যে শ্বাসে তুমিই তো স্বস্তির কেউ—
বুঝে নিও।

কোন এক সূর্য ডোবার কালে—
যখন আলো ধীরে ধীরে লুকাবে,
যখন ছুটবে সবাই বাড়ির তীরে—
অন্ধকারে দ্রুত,
হঠাৎ করে—
একদিন আবার দেখা হবে।