শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আওরিয়া মিমির কবিতা চাঁদের জ্যোৎস্না

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

চাঁদের জ্যোৎস্না
মোসা: আওরিয়া মিমি

চাঁদেরে বলে দিও সখী,
জ্যোৎস্না যেন না ছড়ায় আর,
চাঁদনি রাতে উচাটন মন
ভাঙে যে খাঁচার রুদ্ধ দ্বার।

এক পলকের রূপের মায়া,
চোখের তারায় বিষম ঘোর,
ওরে চন্দ্রা, তোরে ভুলে
কাটে না তো নিঝুম ভোর!

আকাশে রূপের প্রদীপ জ্বেলে
পাগল করলি বামনটারে,
সবাই কেবল দোষ যে খোঁজে,
চাঁদও তো মন কাড়তে পারে।

হাত বাড়ালে চাঁদ মেলে না,
ঝলসে যাবে শরীর-মন;
জেনেও বামন বাড়িয়ে দেয় হাত,
মানে না যে অবাধ্য পণ।

চাঁদ যে অতি দূর ও দামি,
হিসেবটুকু আমি জানি;
তবু অবুঝ পরাণ বোঝে না কিছু,
হারায় যত সুর ও বাণী।

রূপের আলোয় পুড়িয়ে মারিস
একলা এই বামনের প্রাণ,
একটু যদি না পাস দেখা,
মন-পাখিটা খাঁচায় ম্লান।