তাসফিয়া আলম-এর কবিতা পাহাড় আর সমুদ্র

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
পাহাড় আর সমুদ্র
তাসফিয়া আলম
তোমার পছন্দ নীল জলরাশির সমুদ্র,
আর আমার সবুজে ঘেরা পাহাড়,
তোমার সমুদ্রের গর্জন ভালো লাগে,
আমার ঝর্ণার মায়াবী শব্দ।
আমার একটা পাহাড় কেনার খুব শখ।
পাহাড় কি কিনতে পাওয়া যায়?
কেউ কি পাহাড় বিক্রি করে?
হয়তো না,
কিন্তু পাহাড় ঘুরতে তো যাওয়া যায়।
তোমাকে বলেছিলাম-
চলো দূরে কোন পাহাড়ে যাই।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে –
মেঘের খেলা দেখি,
আকাশটাকে ছুয়ে দেখি।
তুমি বলেছ, না! সময় নেই,
তুমি সময়কে বিক্রি করে দিয়েছো
তাইতো আমার জন্য তোমার সময় হয় না।
আমারও আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
মেঘকে স্পর্শ করা হয় না।