শনিবার, ১০ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

মন খারাপের শরৎ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

মন খারাপের শরৎ
শেখ সুলতানা মীম

আজ ঘাসের বুকে জমেনি শিশির,
চারদিকে ছড়িয়ে আছে নিস্তব্ধতা।
স্নিগ্ধ বাতাসও আজ ভারী বিষণ্ন,
আকাশে নেই সোনালি সূর্যের দেখা।

শিউলিগুলো ঝরে আছে মাটির বুকে,
অভিমান জমেছে বুঝি প্রকৃতির সাথে।
সাদা মেঘও আজ কালো খামে চিঠি লিখে,
শরতের মন খারাপের খবর দেয় জানিয়ে।

বৃষ্টি হয়ে ঝরবে এখনই তার অভিমান,
কাশফুলের দলও দোলাচ্ছে মাথা।
সায় দিয়ে বলে, ‘ওগো শরতের রানি,
কেঁদে ভাসিয়ে দাও তোমার সকল ব্যথা।’

আবার তুমি সেজে ওঠো নীল শাড়ি পরে,
সাদা মেঘের গাজরা গুঁজো তোমার কালো কেশে।
শিশিরভেজা মুক্তোর মালায় সাজাও দুটি হাত,
বাতাসে ভেসে যাক তোমার মন খারাপের রাত।