মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

​‘বীক্ষণ’ এর নতুন আহ্বায়ক নবী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুষ্মিতা

Orbit_2026

ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প ‘বীক্ষণ’ এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নবী হোসেন লাদেন। তাঁর সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করবেন সুষ্মিতা সরকার।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক জুবায়েদ ইবনে সাঈদ। এক বার্তায় তিনি নতুন কমিটির হাত ধরে ‘বীক্ষণ’ এর নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নতুন আহ্বায়ক নবী হোসেন লাদেন দীর্ঘদিন ধরেই ‘বীক্ষণ’ এর কার্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠচক্রের কার্যক্রম সরাসরি সম্প্রচারের শুরু থেকেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা, লেখালেখি ও আবৃত্তিচর্চায় তিনি বেশ পরিচিত মুখ। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সুষ্মিতা সরকারও পাঠচক্রের নিয়মিত কর্মী। সংগঠনের পক্ষ থেকে তাঁকে অত্যন্ত দায়িত্বশীল ও সম্ভাবনাময় বলে মূল্যায়ন করা হয়েছে।

​সাত সদস্যের এই নতুন আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন শাহিদ আমিনি রুমি, প্রণয় কুমার বিশ্বাস, টিপু চৌধুরী, হাসান রাকিব, বিউটি দাস, জিসি দেবনাথ এবং স্নিগ্ধা ধর শিথিল। কমিটির এই সদস্যরা প্রত্যেকেই সাহিত্য ও সংস্কৃতির নানা অঙ্গনে সক্রিয়।

তাঁদের মধ্যে শাহিদ আমিনি রুমি সাহিত্যচর্চা ও কবিতার সঙ্গে যুক্ত। প্রাবন্ধিক প্রণয় কুমার বিশ্বাস এবং আবৃত্তিশিল্পী টিপু চৌধুরী দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সাহিত্য সংসদের কার্যক্রমে সম্পৃক্ত। কবি ও সংবাদকর্মী হাসান রাকিব নিয়মিত লেখালেখি করেন এবং বিউটি দাস প্রতি শুক্রবারের পাঠচক্রে আবৃত্তি পরিবেশন করেন। সদ্য সাবেক আহ্বায়ক জিসি দেবনাথ কবিতা লেখার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে বেশ সক্রিয়। এ ছাড়া স্নিগ্ধা ধর শিথিল কবিতা লেখা, ছবি তোলা ও বাঁশি বাজানোর সঙ্গে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র ‘বীক্ষণ’ পাঠ, আলোচনা, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে সফলভাবে পরিচালিত হয়ে আসছে।

ডিএ/