‘রৌদ্র করোটিতে’ কাব্যগ্রন্থ নিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রে পাঠচক্র অনুষ্ঠিত

জাতীয় গ্রন্থকেন্দ্র ও সাহিত্য সংগঠন ‘অআকখ’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘গল্প আড্ডায় বই পাঠচক্র-১০’। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় গ্রন্থকেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত এই পাঠচক্রে কবি শামসুর রাহমানের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রৌদ্র করোটিতে’ নিয়ে আলোচনা করেন পাঠকেরা।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের বক্তব্যের মধ্য দিয়ে পাঠচক্রটি শুরু হয়। এরপর পাঠকেরা কাব্যগ্রন্থটি নিয়ে নিজেদের পাঠ-অনুভূতি ও মতামত তুলে ধরেন। প্রায় অর্ধশত পাঠকের অংশগ্রহণে এই আয়োজনে কবির কবিতা, ভাষাশৈলী, নাগরিক জীবন, প্রেম, দ্রোহ ও সময়চেতনার বিভিন্ন দিক উঠে আসে। নানা বয়স ও পেশার পাঠকের আলোচনার পর তাঁদের বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের উত্তর দেন অতিথি আলোচক লেখক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী।
আলোচনায় বর্তমান প্রজন্মের পাঠাভ্যাস, বিশেষ করে শিক্ষার্থীদের বই ও কবিতার প্রতি আগ্রহ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অআকখ-এর মুখ্য সংগঠক শেখ ফাতিমা পাপিয়া। তিনি বলেন, পাঠাভ্যাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নিয়মিত পাঠচক্র আয়োজন করা জরুরি। এই লক্ষ্যেই অআকখ দেশের পাঁচটির বেশি জেলা শহরে নিয়মিত পাঠচক্রের আয়োজন করছে।