রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড়’ নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে তরুণদের আড্ডা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বইয়ের পাতা থেকে গল্প, গল্প থেকে বিতর্ক—আর সেই বিতর্কের ফাঁকে গান, আবৃত্তি ও আড্ডা। ব্রহ্মপুত্রের তীরে এমনই এক প্রাণবন্ত পাঠচক্রের আয়োজন করেছে সাহিত্য ও পাঠচর্চাভিত্তিক সংগঠন ‘অআকখ’। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন সুবিশাল মাঠের এক কোণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘চাঁদের পাহাড়’ নিয়ে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

সাহিত্যপ্রেমী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আলোচনায় উঠে আসে উপন্যাসের কাহিনি, চরিত্র, শঙ্করের রোমাঞ্চকর অভিযাত্রা ও লেখকের অনন্য বর্ণনাশৈলী। পাঠের পাশাপাশি বইটির নানা দিক নিয়ে পক্ষ-বিপক্ষে যুক্তিতর্কে অংশ নেন পাঠকেরা। এর ফলে একই বইকে ঘিরে পাঠকদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির দারুণ এক প্রকাশ ঘটে।

আলোচনা ও বিতর্কের ফাঁকে ফাঁকে গান ও আবৃত্তি পুরো আয়োজনে একটি চমৎকার সাংস্কৃতিক আবহ তৈরি করে। পরে ব্রহ্মপুত্রের তীরে চায়ের আড্ডায় পাঠচক্রটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

তরুণদের মধ্যে বইপড়া, সাহিত্যচর্চা ও মুক্তচিন্তার পরিবেশ তৈরির লক্ষ্যেই দেশজুড়ে এমন পাঠচক্রের আয়োজন করছে অআকখ। বর্তমানে দেশের ২৫টির বেশি জেলা ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এই কার্যক্রম চলছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এই পাঠচক্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।