শুক্রবার, ১৯ জুন ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

উন্নত জীবন: মানবিক উৎকর্ষের চিরকালীন নির্দেশিকা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ডা. লুৎফর রহমানের লেখা ‘উন্নত জীবন’ মূলত মানব কল্যাণ ও মানসিক উৎকর্ষধর্মী একটি প্রবন্ধের বই। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত এই বইটিতে লেখক বলেছেন, জাতিকে সত্যিকার অর্থে বড় করতে হলে সমাজের প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবে উন্নত, ত্যাগী এবং জ্ঞানী হতে হবে। শুধু জেগে ওঠার আহ্বান দিয়ে কোনো জাতির উত্থান সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের জ্ঞানচর্চা এবং সাহিত্যের পুষ্টিসাধন ।

লেখকের মতে, মানুষের আসল মর্যাদা দামি পোশাক, গাড়ি বা বংশপরিচয়ে লুকিয়ে থাকে না । একজন মানুষ চরিত্রবান, সত্যের উপাসক এবং জ্ঞানের সেবক কি না, সেটাই তার প্রকৃত মূল্যায়ন করে । সমাজের সবচেয়ে শ্রদ্ধার পাত্র হলো চরিত্রবান ও সত্যবাদী মানুষ । জীবনে সফল হতে হলে ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না । নিজের শক্তির ওপর বিশ্বাস রেখে নিরন্তর পরিশ্রম করতে হবে, কারণ দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের কাছে কেবল প্রতিভার কোনো মূল্য নেই ।

বইটিতে শ্রমের মর্যাদার কথা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অন্যায়ভাবে চাকরি করে ধনী হওয়ার চেয়ে ছোটখাটো স্বাধীন ব্যবসা বা মুদির কাজ করা অনেক বেশি সম্মানের । নিজের হাতে কাজ করা বা শারীরিক পরিশ্রমে কোনো অগৌরব নেই, বরং অগৌরব লুকিয়ে থাকে মিথ্যা এবং প্রতারণার মধ্যে । পাশাপাশি জীবনকে নিরাপদ ও স্বাধীন রাখতে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করার ওপর লেখক বেশ জোর দিয়েছেন । জীবনে ঋণ না করার অভ্যাসটি চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ । তা ছাড়া একজন মানুষ কতটা ভদ্রলোক, তা তার দেওয়া কথার মর্যাদা রক্ষার মাধ্যমেও বোঝা যায় ।

ডা. লুৎফর রহমান অত্যন্ত সরল এবং অলংকারহীন গদ্যে বইটি লিখেছেন। তার লেখার ভঙ্গি অনেকটা সরাসরি কথোপকথনের মতো, যা খুব সহজেই মনে দাগ কাটে । প্রতিটি দার্শনিক চিন্তার পাশাপাশি তিনি বিভিন্ন ঐতিহাসিক সত্য ঘটনা জুড়ে দিয়েছেন, যার ফলে তার উপদেশগুলো অবহেলা করা পাঠকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে । যারা নিজেদের ভেতরের সুপ্ত শক্তিকে কাজে লাগিয়ে একটি স্বাধীন ও সম্মানজনক জীবন গড়তে চান, তাদের জন্য এই বইটি একটি চমৎকার নির্দেশিকা ।

প্রাথমিক তথ্য
বইয়ের নাম: উন্নত জীবন
লেখক: ডা. লুৎফর রহমান
প্রকাশক: বিশ্বসাহিত্য কেন্দ্র