শুক্রবার, ২২ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কবির কাঞ্চনের ছড়া ছুটির দিনে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ছুটির দিনে
কবির কাঞ্চন

ছুটি পেয়ে আজকে আমি
ছুটছি ফুলের দেশে
ফুলবাগিচায় হারিয়ে যাব
ফুলের মতো হেসে।

আজ সারাদিন কাটব সাঁতার
দিঘির জলে নেমে
সাগর নদী ছাড়িয়ে যাব
রবো না আর থেমে।

আজ সারাদিন খেলব খেলা
প্রজাপতির ঢংয়ে
ইচ্ছেমতো রাঙিয়ে নেব
লাল-সবুজের রংয়ে।

গুনগুনিয়ে গাইব আমি
আজকে অবিরত
মধুর নেশায় হারিয়ে যাব
মৌমাছিদের মত।

তিড়িং বিড়িং ফড়িং হয়ে
নাচব রঙিন গায়ে
ঘাসের ডগা নাড়িয়ে দেবো
লম্বা চিকন পায়ে।

কিচিরমিচির সুর ছড়াব
পাখির গানে গানে
তেপান্তরে হারিয়ে যাব
মুগ্ধ সুরের টানে।

নেচে নেচে গাইব আমি
মধুর সুরে সুরে
পরীর দেশে হারিয়ে যাব
হাওয়ায় উড়ে উড়ে।

সকাল দুপুর সন্ধ্যা রাতে
দেখে ফুলের মেলা
মনের সুখে হাসব আমি
আজকে সারাবেলা।