শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাসেল আহম্মেদ-এর কবিতা কপালে রাখা হাত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
​জ্বর এলে সবাই ওষুধের নাম বলে,
কিন্তু কপালে হাত ক’জন রাখে?
থার্মোমিটারে হয়তো শরীরের উত্তাপ মাপে,
মনটা কতটা কাঁপছে—তা কে বোঝে?
​তৃষ্ণায় এক গ্লাস পানি হয়তো অনেকেই দেয়,
কিন্তু শিয়রে বসে ক’জন জাগে!
ডাক্তারের প্রেসক্রিপশন পড়ে থাকে টেবিলে,
কিন্তু মায়ের হাত থাকেনা সবার কপালে।
​জ্বর শরীরে আসে,
কিন্তু একাকীত্ব আসে নিঃশব্দে।
একটু আদরেই যেন ব্যথা কমে,
একটু ছোঁয়ায় ভরসা জন্মে।
​ওষুধ কেবল ঘুম পাড়ায়,
কিন্তু স্নেহের স্পর্শ সাহস জাগায়।
জ্বর একদিন ঠিকই নামবে,
কষ্টও ধীরে ধীরে ফুরোবে।
​তবুও মনে গেঁথে থাকবে,
কপালে হাত রাখা সেই মানুষটির নাম।