শনিবার, ২৩ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নিউইয়র্কের মেয়রের সঙ্গে একই পর্দায় জায়েদ খান

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

থায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। জায়েদ খানের ক্ষেত্রেও কথাটা বেশ মিলে যায়। যুক্তরাষ্ট্রে স্টেজ শো আর উপস্থাপনা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করলেও অভিনয় থেকে মোটেও দূরে সরে যাননি তিনি। বরং অভিনয়ে আরও এক ধাপ চমক দেখিয়েছেন। এবার নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একই পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের এই আলোচিত চিত্রনায়ক।

প্রবাসীদের সুখ ও দুঃখের নানা গল্প নিয়ে নির্মিত শর্টফিল্ম সিরিজ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’। গত মার্চ মাসে এর প্রথম পর্ব প্রকাশ পায়। এবার আসতে যাচ্ছে দ্বিতীয় পর্ব, আর সেখানেই মেয়রের সঙ্গে দেখা যাবে জায়েদ খানকে।

সংবাদমাধ্যমকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, জোহরান মামদানি সরাসরি এই শর্টফিল্মে আমার সঙ্গে অভিনয় করেছেন। গল্পটা মূলত প্রবাসীদের নিয়ে। তার মতো একজন মানুষের সঙ্গে কাজ করতে পারাটা শুধু আমার একার জন্য নয়, আমি মনে করি এটি লাল-সবুজ পতাকার জন্যই দারুণ এক গর্বের বিষয়।

কীভাবে মেয়রের সঙ্গে এই কাজের সুযোগ হলো, এমন প্রশ্নে জায়েদ জানান, আমেরিকার ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার স্ত্রী আনুভা শাহীন হোসেনের চেষ্টাতেই এটি সম্ভব হয়েছে। তারাই প্রজেক্টের বিস্তারিত এবং জায়েদ খানের কথা মেয়রের কাছে মেইল করেন। কিছুদিন অপেক্ষার পর মেয়রের অফিস থেকে শুটিংয়ের তারিখ দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কাজ শেষ করেন।

জায়েদ আরও জানান, এই প্রজেক্টে মেয়রের যুক্ত হওয়াটা তার কাছে একদম স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি বলেন, তিনি এত বড় একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাবান মানুষ। তারপরও শুটিংয়ের সময় তিনি একদম সাধারণ মানুষের মতো পরিচালকের সব নির্দেশনা মেনে অভিনয় করেছেন। কাজটি করে তাকেও বেশ খুশি মনে হয়েছে।

জন কবির এবং সাদ আল আমীনের যৌথ পরিচালনায় নির্মিত এই শর্টফিল্মটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ মে। বাংলাদেশ সময় রাত ৯টায় এটি ‘ঠিকানা’র ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত করা হবে।